ঢাকা

ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রনজিত কুমার পাল, সিনিয়র রিপোর্টার: ঢাকার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টায় ধামরাই উপজেলার নান্নারের ঐতিহ্যবাহী খেলার মাঠে নান্নার যুব ক্রীড়া সংঘের আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক , যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল মামুন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নান্নার যুব ক্রীড়া সংঘের সভাপতি মো. নূরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্নার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নূরুল হক মোল্লা, ধামরাই উপজেলা বিএনপির নির্বাহী সদস্য মো. শাহজাহান ফেরাজী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মিজানুর রহমান মোল্লা, কুশুরা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ঢাকা জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইমদাদুল হক জাহিদ, নান্নার ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল্লাহ, ধামরাই পৌর যুবদল নেতা টুটুল, সুয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুর রহমান এবং ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, “মাদক একটি পরিবার, সমাজ ও দেশের জন্য মারাত্মক হুমকি। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক থেকে দূরে রাখা সম্ভব। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার চর্চা বাড়ানোর পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে।

টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকেরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

এই বিভাগের আরও সংবাদ