বনগাঁওয়ে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন সানজিদা ইসলাম তুলি


বিশেষ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজার মহানবমী উপলক্ষে বনগাঁও ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি।
আজ মঙ্গলবার দিনব্যাপী বনগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকার পূজামণ্ডপসমূহ ঘুরে দেখেন তিনি। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় এবং শারদীয় শুভেচ্ছা ও সৌহার্দ্যের উপহার বিতরণ করেন।
মণ্ডপ পরিদর্শনের সময় সাংসদ বলেন, “আমাদের এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত। শত বছর ধরে আমরা একে অপরের সুখ-দুঃখে পাশে থেকে ভাই-বোনের মতো বসবাস করে আসছি। দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি বাঙালির সার্বজনীন সম্প্রীতির এক মিলনমেলা।
” তিনি আরও প্রত্যাশা ব্যক্ত করে বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এই অটুট বন্ধন যেন ভবিষ্যতেও চিরকাল অমলিন থাকে। সব ভেদাভেদ ভুলে ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা যেন সবাই এক হয়ে দেশের সার্বিক কল্যাণ ও অগ্রগতিতে অবদান রাখতে পারি।” একই সঙ্গে তিনি উপস্থিত সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।
পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন কমিটির শিক্ষানুরাগী ও নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে মণ্ডপ কর্তৃপক্ষ মাননীয় সংসদ সদস্যকে উষ্ণ অভ্যর্থনা জানায়।



