ধামরাইয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার, ডিআইজি, ডিসি ,এসপি


রনজিত কুমার পাল,সিনিয়র রিপোর্টার: ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণে ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধব দেবের মন্দিরের যাত্রাবাড়ীস্হ মাঠে অনুষ্ঠিতব্য পূজামণ্ডপ ,কায়েতপাড়াস্হ ঐতিহাসিক মাধব মন্দিরসংলগ্ন পূজামণ্ডপ ও রথখোলা এলাকায় সুকান্ত বনিকের বাড়ির পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা বিভাগের ঊর্ধ্বতন প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা।
রোববার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে ধামরাই উপজেলার পৌর এলাকার তিনটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম ও পুলিশ সুপার শামীমা পারভীন।
এ সময় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. তমিজ উদ্দিন, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার, ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রদীপ কুমার মজুমদার, সদস্য সচিব সাংবাদিক রনজিত কুমার পাল সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন পূজা মন্ডপ গুলোর কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে কর্মকর্তারা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, পুরোহিত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। মণ্ডপের আলোকসজ্জা, সার্বিক প্রস্তুতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দেখে তাঁরা সন্তোষ প্রকাশ করেন।
এ সময় বিভাগীয় কমিশনার বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
নিরাপত্তার বিষয়ে কর্মকর্তারা জানান, দুর্গাপূজা ঘিরে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশ, আনসার, ডিবি, বিজিবিসহ মোট সাতটি বাহিনীর যৌথ সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর ফলে পূজার্থী ও দর্শনার্থীরা নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উৎসব উদযাপন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তাঁরা।



