দেশজুড়ে
রংপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, বন্ধ রেল চলাচল


রংপুরের বদরগঞ্জে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে সান্তাহার থেকে পঞ্চগড়গামী ট্রেনটি বদরগঞ্জ রেলস্টেশনে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বদরগঞ্জ ও রংপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, সান্তাহার থেকে ছেড়ে আসা দোলনচাঁপা ট্রেনটি বদরগঞ্জ রেলস্টেশনে পৌঁছানোর পর দুটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রংপুর রেলস্টেশনের সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, লালমনিরহাট থেকে উদ্ধারকারী দল আসছে। আপাতত বদরগঞ্জের ওপর দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।



