যশোর

জামিনে মুক্তির পর স্কুলে প্রধান শিক্ষক, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের প্রতিবাদ

নাজিম উদ্দীন জনি, সিনিয়র রিপোর্টারঃ যশোরের শার্শার আলোচিত বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক শাহানারা খাতুন জামিনে মুক্তি পেয়ে বিদ্যালয়ে যোগদান করতে গেলে শিক্ষার্থীদের একাংশ ক্লাস বর্জন করে প্রতিবাদ জানিয়েছে। এসএসসি পরীক্ষায় নিজের মেয়েকে অনৈতিক সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর তার বিদ্যালয়ে ফিরে আসাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে আলোচনা ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রধান শিক্ষক শাহানারা খাতুন বিদ্যালয়ে উপস্থিত হলে প্রথমে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পরে শিক্ষার্থীদের একটি অংশ ক্লাস বর্জন করে ক্ষোভ প্রকাশ করে। এ সময় বিদ্যালয়জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়।

অভিভাবক ও সচেতন মহলের অভিযোগ, এসএসসি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হওয়া একজন প্রধান শিক্ষক পুনরায় বিদ্যালয়ে দায়িত্ব পালন শিক্ষার্থীদের মাঝে নেতিবাচক বার্তা দিতে পারে। তাদের দাবি, মামলার বিচারকার্য শেষ না হওয়া পর্যন্ত তাকে দায়িত্ব থেকে বিরত রাখা উচিত।

তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন বলেন, “আমার বিদ্যালয়ে যোগদানে আইনি কোনো বাধা নেই। আমি সকাল ৯টার দিকে বিদ্যালয়ে এসেছি। তখন কোনো শিক্ষার্থী প্রতিবাদ করেনি। পরে বিদ্যালয়ের কয়েকজন সহকারী শিক্ষক শিক্ষার্থীদের উসকানি দিয়ে এ পরিস্থিতি তৈরি করেছেন।”

এ বিষয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার একেএম নুরুজ্জামান জানান, “মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। বিদ্যালয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে ও তার বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে আইনগতভাবে দায়িত্ব পালনে তার কোনো বাধা নেই।”

জানাগেছে, গত ২৪ মে আদালত থেকে জামিনে মুক্তি পান প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন। তবে একই মামলার অপর অভিযুক্ত বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ফাতেমা খাতুন এখনও কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, গত ৯ মে শার্শার বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থী নিজ মেয়েকে অনৈতিকভাবে সহযোগিতার অভিযোগে প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন ও চতুর্থ শ্রেণির কর্মচারী ফাতেমা খাতুনকে আটক করে পুলিশ।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, শাহানারা খাতুনের মেয়ে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। অভিযোগ রয়েছে, ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা শেষে গোপনে উত্তরপত্র সংগ্রহ করে তা সংশোধন করে পুনরায় জমা দেওয়া হয়। বিষয়টি প্রকাশ্যে এলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এই বিভাগের আরও সংবাদ