যশোর

বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে ঢোকার চেষ্টাকালে আটক কৃষক লীগ নেতা

নাজিম উদ্দীন জনি, সিনিয়র রিপোর্টার: ভারতে যাওয়ার জন্য সব আনুষ্ঠানিকতা প্রায় শেষ। ঠিক তখনই ইমিগ্রেশনের সার্ভারে ভেসে ওঠে ‘স্টপলিস্টে’ থাকা একটি নাম। মুহূর্তেই সক্রিয় হয়ে ওঠেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। শেষ পর্যন্ত বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট থেকেই আটক হন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা কৃষক লীগের বহিষ্কৃত সভাপতি ও গোড়াই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন তালুকদার। তার বিরুদ্ধে একাধিক গুরুতর ফৌজদারি মামলার অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ২টার দিকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে সার্ভারের স্টপলিস্টে তার নাম শনাক্ত হয়। পরে দায়িত্বরত ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

আটক হুমায়ুন তালুকদার মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সুপ্তলা এলাকার বাসিন্দা। তিনি গোড়াই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং মিজানপুর উপজেলা কৃষক লীগের বহিষ্কৃত সভাপতি বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, তার বিরুদ্ধে মিজানপুর থানায় এফআইআর নং-০৫ (তারিখ: ৮ জানুয়ারি ২০২৬) অনুযায়ী আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪/৫ ধারাসহ দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭ ও ৩৪ ধারায় মামলা রয়েছে।
প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ