নান্দাইলে নূরসেবা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ


এইচএম সাইফুল্লাহ, স্টাফ রিপোর্টার: মানবিক দায়বদ্ধতা ও সামাজিক সেবার অঙ্গীকার নিয়ে ময়মনসিংহের নান্দাইল উপজেলার পুরহরী গ্রামে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নূরসেবা ফাউন্ডেশন’।
শীতের আগমনকে সামনে রেখে শুক্রবার (১৩ নভেম্বর) সংগঠনের সদস্যরা পুরহরী গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে অসহায় ও শীতার্ত পরিবারের সদস্যদের হাতে কম্বল পৌঁছে দেন। বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণের এ উদ্যোগে উপকৃত হন এলাকার অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষ।
এ সময় সংগঠনের সদস্যরা জানান, শীতের শুরুতেই অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে এবং শীতার্ত পরিবারের পাশে দাঁড়াতে তাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে আরও বেশি মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হবে।
তারা আরও বলেন, মানবতার সেবায় এবং অসহায় মানুষের কল্যাণে নূরসেবা ফাউন্ডেশনের এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে। সংগঠনের এই ভালো কাজের ধারাবাহিকতা বজায় রাখতে সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন তারা।
মানবতার সেবায়, অসহায় মানুষের পাশে—এই প্রত্যয় নিয়েই এগিয়ে যেতে চায় নূরসেবা ফাউন্ডেশন।





