যশোর

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে ৪ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কম্বল, কসমেটিকসসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৭ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৪৫টি ভারতীয় শাড়ি, একটি থ্রি-পিস, দুটি টি-শার্ট, ১১টি কম্বল, এক প্যাকেট ফুচকা, ১৫১টি চকলেট, সাত প্যাকেট খৈনি ও ১২৩টি কসমেটিকস সামগ্রী। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৪ লাখ ৫৭ হাজার টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচার রোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ পরিকল্পনা অনুযায়ী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ