শার্শায় ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১


নাজিম উদ্দীন জনি, সিনিয়র রিপোর্টারঃ যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেলসহ আলাউদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের বারগুলোর আনুমানিক সিজার মূল্য প্রায় ৪ কোটি টাকা। এ সময় আরও দুই ব্যক্তি পালিয়ে যান।
বুধবার (২১ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে এক প্রেস কনফারেন্সে এ তথ্য নিশ্চিত করেন নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের ‘প্রাইম ব্রিকস’ নামের একটি ইটভাটার সামনে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার আরিফ হোসেনের নেতৃত্বে শার্শা থানা পুলিশের একটি দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আলাউদ্দীনকে আটক করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
উদ্ধার করা স্বর্ণের বারগুলোর মোট ওজন ১৮০ ভরি, যা প্রায় ২ কেজি ৯০ গ্রাম। তবে অভিযানের সময় আরও দুই ব্যক্তি পালিয়ে যান।
আটক আলাউদ্দীন শার্শা উপজেলার হাড়িখালী (যদুনাথপুর) এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম গোলাম রসুল এবং মাতার নাম জায়ের খাতুন।
পুলিশ আরও জানায়, উদ্ধার করা স্বর্ণের বার ও মোটরসাইকেল জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানবিরোধী নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।



