যশোরের শার্শা সীমান্ত থেকে চালিয়ে ৩.৪ কেজি স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি


বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্তে অভিযান চালিয়ে ৩.৪ কেজি ওজনের ২৬টি স্বর্ণের বারসহ মোঃ রিপন (৪১) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল (২৯ সেপ্টেম্বর) বিজিবির রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২৬টি স্বর্ণের বার এবং স্বর্ণ পাচারে ব্যবহৃত ২টি মোটরসাইকেল ও ২টি মোবাইলসহ মোঃ রিপন (৪১)
নামের এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক ওজন ৩.৪ কেজি এবং বর্তমান বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা।
আটককৃত রিপন যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামের মোঃ আব্দুল মান্নানের ছেলে। জব্দকৃত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে এবং অন্যান্য মালামালসহ আটক ব্যক্তিকে শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
বিজিবি অধিনায়ক বলেন, দেশের সীমান্ত এলাকায় স্বর্ণসহ মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি, টহল ও অভিযান অব্যাহত থাকবে।



