শার্শার ভবানীপুর মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে মালদ্বীপের দানবীর মুসা, আর্থিক সহায়তা প্রদান


নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ যশোরের শার্শা উপজেলার ভবানীপুর দারুস সালাম নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করেছেন মালদ্বীপের নাগরিক, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর ইব্রাহিম শামীম মুসা।
সোমবার (২৫ মে) সকালে তিনি মাদ্রাসা প্রাঙ্গণে উপস্থিত হয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং প্রতিষ্ঠানটির জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় ইব্রাহিম শামীম মুসা বলেন, তিনি মালদ্বীপের একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক। বিভিন্ন দেশে ভ্রমণ করে মসজিদ, মাদ্রাসা, এতিমখানাসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করা তার অন্যতম মানবিক উদ্যোগ। ধর্মীয় শিক্ষা বিস্তার এবং মানুষ যেন নির্বিঘ্নে ইবাদত-বন্দেগি করতে পারে, সে লক্ষ্যে কাজ করতে পারলে তিনি আনন্দবোধ করেন।
তিনি আরও জানান, এর আগে বাংলাদেশের চাঁদপুর জেলায় নিজস্ব অর্থায়নে দুটি মসজিদ নির্মাণ করেছেন। সেই মসজিদ উদ্বোধনের উদ্দেশ্যে তিনি বাংলাদেশে এসেছেন। মালদ্বীপ প্রবাসী চাকরিজীবী জাহিদ রনির কাছ থেকে ভবানীপুর মাদ্রাসা ও এতিমখানার বিষয়ে জেনে তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শনে আসেন।
পরিদর্শনকালে তিনি মাদ্রাসা ও এতিমখানার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানটির উন্নয়নে আরও সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ প্রবাসী শাহজান ও আরিফুল।



