আত্রাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সকল সরকারি, আধা-সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন,
সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শিত, বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে বিশেষ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এবং বক্তব্যে রাখেন নওগাঁ-০৬(আত্রাই- রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
তিনি বলেন, আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেইসব বীর সন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন ভূখণ্ড ও লাল-সবুজের পতাকা পেয়েছি। স্বাধীনতা কেবল একটি শব্দ নয়, এটি আমাদের অধিকার ও মর্যাদার প্রতীক। আসুন, আমরা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে শহীদদের স্বপ্নের এক সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলি। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।
সভাপতি তার সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম বলেন, স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবের দিন। প্রশাসনের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি একটি সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে এই মহান দিনটিকে স্মরণীয় করে রাখতে। বিশেষ করে আমাদের তরুণ সমাজকে দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হতে হবে। সরকারি কর্মকর্তাদের সেবার মানসিকতা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই হবে বীর শহীদদের প্রতি শ্রেষ্ঠ সম্মান।
দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন এবং বাদ জোহর জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে সকল উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা। সন্ধ্যায় উপজেলা চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম, কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান, সদস্য সচিব মোঃ আনিছুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন,
যুগ্ম- সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সুধীজন।



