নওগাঁ

নওগাঁয় আল বারাকা পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ড

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ শহরের বাইপাস সড়কে দাঁড়িয়ে থাকা ‘আল বারাকা পরিবহন’-এর দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে এলেও বাস দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বাইপাস সড়কের নির্দিষ্ট স্থানে আল বারাকা পরিবহনের তিনটি বাস পার্কিং করে রাখা ছিল। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে হঠাৎ দুটি বাসে আগুন জ্বলে ওঠে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসে ব্যবহৃত মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

এদিকে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তদন্ত শেষে আগুন লাগার সঠিক কারণ জানা যাবে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও দুটি বাস ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এই বিভাগের আরও সংবাদ