নওগাঁ

স্বৈরাচারের প্রেতাত্মাদের বরদাশত করা হবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশে কোনো স্বৈরাচারের প্রেতাত্মা বা বীজ আর দেখতে দেওয়া হবে না।

বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। ‘সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যখন দেশ এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই স্বৈরাচারের কিছু প্রেতাত্মা সমাজের ভেতরে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালাচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ

এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশ প্রশাসনসহ সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এসব স্বৈরাচারী চক্রের বিরুদ্ধে কঠোরভাবে রুখে দাঁড়াতে হবে।

পলাতক স্বৈরাচারী নেতাদের বিষয়ে কড়া বার্তা দিয়ে প্রতিমন্ত্রী জানান, যারা স্বৈরাচারী নেত্রীর ফিরে আসার স্বপ্ন দেখছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। যে নেত্রী দেশবাসীকে ছেড়ে পালিয়েছেন, তার বাংলাদেশে ফিরে আসার আর কোনো সুযোগ নেই এবং দেশের জনগণ তাকে আর কখনো মেনে নেবে না। ব্যক্তিস্বার্থ রক্ষায় যারা সমাজে বিশৃঙ্খলা ও অপকর্ম চালাচ্ছে, তাদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে, বর্তমান সরকার কোনো অন্যায় বা বিশৃঙ্খলাকারীকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য এনামুল হকসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ