আত্রাইয়ে স্ত্রী, কন্যাকে হত্যার পর নিজের আত্মহত্যা

আত্রাই (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর আত্রাইয়ে এক ঘাতক স্বামী তার স্ত্রী ও শিশু কন্যাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করার পর সে নিজেও আত্মহত্যা করেছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে আত্রাই উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে শুক্রবার গভীর রাত প্রায় ১টার সময়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের গৌতম সরকারের ছেলে জয় সরকার (৩০) মদকাসক্ত ছিল। এ জন্য পারিবারিক কলহ প্রায় লেগেই থাকতো। এরই জের ধরে গতকাল শুক্রবার গভীর রাত প্রায় সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে জয় নিজের শয়ন কক্ষে তার স্ত্রী দৃষ্টি সরকার (২৩) কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি ছুরিকাঘাত ও জবাই করে হত্যা করে।
এরপর ২ বছরের শিশু কন্যা জেনিকেও একই কায়দায় গুরতর জখম করে। শেষে সে নিজেই তার ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে পাশের ঘর থেকে জয়ের বাবা মা এবং অন্যান্য লোকজন এসে গুরতর জখম অবস্থায় জয় ও তার শিশু কন্যা জেনিকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থ্ায় গতকাল শুক্রবার সকালে পিতা-কন্যা দুজনেই মারা যায়।
জয় সরকারের পিতা গৌতম সরকার বলেন, জয় দীর্ঘদিন যাবত মনষিক রোগী ছিল। আত্রাই থানার ওসি মো. আব্দুল করিম বলেন, তাদের লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আত্রাই থানায় একটি হত্যা মামলা ও একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।



