নওগাঁ

নওগাঁয় কাঠবোঝাই ট্রাকের চাপায় মা ও মেয়ের মৃত্যু

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলায় কাঠবোঝাই ট্রাকের চাপায় মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের উষ্টিপুর গ্রামের বাসিন্দা খাদিজা (২৮) এবং তার মেয়ে ফাতেমা (১৩)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাপাহার থেকে নওগাঁর অভিমুখী কাঠবোঝাই একটি ট্রাক পত্নীতলা পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল আরোহী ট্রাকটির পাশ কাটিয়ে উঠতে গেলে।

মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে পড়ে গেলে তাতে থাকা মা ও মেয়ে ট্রাকের পেছনের চাকার পিষ্ট হয় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি লক্ষ্য করে হামলা চালান এবং ট্রাকের সামনের কাচ ভেঙে দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ