দ্রুতগামী মোটরসাইকেল কেড়ে নিল আইনজীবীর জীবন


নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের শার্শায় মোটরসাইকেলের ধাক্কায় মাহবুবুর হাসান (৫০) নামে একজন আইনজীবী নিহত হয়েছে। রবিবার(২৩ এপ্রিল) সন্ধ্যায় যশোর-বেনাপোল মহাসড়কে দূর্ঘটনা ঘটে।
নিহত মাহবুবুর হোসেন শার্শার দক্ষিণ বুরুজ বাগান গ্রামের হিমে মোড়লের ছেলে। তিনি ঢাকা জজ কোর্টে আইনজীবী হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
হাসপাতাল ও নিতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে প্রয়োজনীয় কাজে উপজেলার শ্যামলাগাছীতে যান মাহবুবুর হাসান। এ সময় তিনি হাইওয়ে সড়কের একপাশ থেকে অন্যপাশে পার হতে গেলে দ্রুতগতীর একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই মনিরুজ্জামান সোনা জানান,ঈদের ছুটিতে ভাই বাড়িতে এসেছিলো। নিজের প্রয়োজনীয় কাজে সন্ধ্যায় শ্যামলাগাছী গিয়েছিল। পরে তার মৃত্যুর খবর শুনতে পাই।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক লক্ষিনদর জানান, সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত অবস্থায় মাহবুবুর হাসান নামে একজনকে হাসপাতালে নিয়ে আসে তবে তিনি হাসপাতালে পৌছানোর আগেই তার মৃত্যু হয় বলে তিনি জানান। আইনজীবী মাহাবুব হাসানের অকাল মৃত্যুতে তার পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





