সাবেক এমপি আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী


সাবেক সংসদ সদস্য (এমপি) ও বিএনপি নেতা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজায় তিনি অংশ নেন।
প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
জানাজায় জাতীয় সংসদের সদস্যরাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকায় নিজ বাসায় মারা যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আব্দুল হাই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। রাজনৈতিক জীবনে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী, জাতীয় সংসদের প্যানেল স্পিকার এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।



