দুর্গাপূজার নিরাপত্তায় সীমান্তে ১২ প্লাটুন বিজিবি, রিজার্ভে আরও ২


নিজস্ব প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে ময়মনসিংহ ও শেরপুরের পাঁচটি সীমান্তবর্তী উপজেলায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের আট কিলোমিটারের মধ্যে থাকা ২৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আরও দুই প্লাটুন সদস্য রিজার্ভ রাখা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং দুর্গাপূজা ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে দায়িত্বপূর্ণ এলাকার পূজামণ্ডপগুলো পরিদর্শন ও রেকি কার্যক্রম সম্পন্ন করেছে বিজিবি।
নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পরিদর্শন ও মূল্যায়ন করেন ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন, পিএসসি এবং ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, এসজিপি, পিএসসি। এ সময় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি পূজা উদ্যাপনের সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা আরও কার্যকর ও সমন্বিত করতে প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিয়েছে ৩৯ বিজিবি। এর অংশ হিসেবে ‘সুরক্ষা অ্যাপস’ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হয়েছে।
বিজিবির আশা, অ্যাপটির মাধ্যমে নিরাপত্তা কার্যক্রমের সমন্বয় বাড়বে, সদস্যদের দায়িত্ব পালনের দক্ষতা উন্নত হবে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়া সহজ হবে।
দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপের পাশাপাশি আশপাশের এলাকাতেও সতর্ক নজরদারি, নিয়মিত টহল ও প্রয়োজনীয় তল্লাশি চালানো হবে। সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে বিজিবি।
সীমান্তেও বাড়তি নজরদারি
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত এলাকার প্রতিকূল ভৌগোলিক পরিবেশ ও নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে বিজিবি সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। প্রতিটি বর্ডার আউটপোস্ট (বিওপি) গড়ে পাঁচ থেকে আট কিলোমিটার সীমান্ত এলাকার নিরাপত্তার দায়িত্বে রয়েছে।
সীমান্ত সুরক্ষা জোরদারে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন, নিয়মিত তল্লাশি, টহল ও নিবিড় নজরদারি অব্যাহত রয়েছে। একই সঙ্গে মাদকদ্রব্য, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছে ব্যাটালিয়নটি।
৩৯ বিজিবি জানায়, আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি শারদীয় দুর্গাপূজা সবার জন্য আনন্দময়, নিরাপদ ও শান্তিপূর্ণ করতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনে তারা বদ্ধপরিকর।



