বাগেরহাট

চিতলমারীতে দুর্গাপূজা উপলক্ষে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাটের চিতলমারীতে গরিব ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। প্রয়াত অনিতা রানী মজুমদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছরের মতো এবারও এ মানবিক উদ্যোগ গ্রহণ করে তাঁর পরিবার। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর প্রত্যয়ে এ আয়োজন করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর গ্রামে নিজ বাড়িতে এ বস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদারের প্রয়াত মা অনিতা রানী মজুমদারের স্মরণে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত অনিতা রানী মজুমদারের স্বামী মনোরঞ্জন মজুমদার। তিনি খুলনা নগরীর খালিশপুরে অবস্থিত স্যাটেলাইট টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। এ সময় পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে গরিব ও দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।

আয়োজকদের এ উদ্যোগ স্থানীয়ভাবে মানবিকতার একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। ধর্মীয় উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে প্রয়াত অনিতা রানী মজুমদারের স্মৃতিকে ধরে রাখার প্রয়াস নেওয়া হয়েছে। প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে এ ধরনের উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতা বজায় রয়েছে।

উল্লেখ্য, অনিতা রানী মজুমদার ২০১৪ সালের ২২ জানুয়ারি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর স্মৃতির উদ্দেশ্যে পরিবার প্রতিবছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গরিব ও দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করে আসছে।

এই বিভাগের আরও সংবাদ