শেরপুর

শেরপুর সরকারি কলেজে তিন বিষয়ে মাস্টার্স কোর্স চালুর সিদ্ধান্ত

আরফান আলী, শেরপুর: শেরপুর সরকারি কলেজে ইসলাম শিক্ষা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ইংরেজি বিষয়ে মাস্টার্স কোর্স চালুর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে এসব বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এর ফলে শেরপুর, জামালপুর, টাঙ্গাইলসহ আশপাশের অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক খাজা মো. জিয়াউল হক স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় এ তথ্য জানানো হয়।

কলেজ কর্তৃপক্ষ জানায়, সংরক্ষিত মহিলা আসন-১৫-এর সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হযরত আলীর আন্তরিক সহযোগিতায় তিনটি বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধিভুক্তির সুযোগ সৃষ্টি হয়েছে। এ উদ্যোগের ফলে স্থানীয় শিক্ষার্থীরা নিজ এলাকায় থেকেই মাস্টার্স সম্পন্ন করার সুযোগ পাবেন। এতে শিক্ষার্থীদের যাতায়াত ও আবাসন ব্যয় কমার পাশাপাশি উচ্চশিক্ষা গ্রহণ সহজ হবে।

ইংরেজি বিভাগের প্রধান নাজিয়া তাসনুভা ইসলাম বলেন, “ইংরেজি বিষয়ে মাস্টার্স কোর্স চালু হওয়া আমাদের বিভাগের জন্য একটি ইতিবাচক অর্জন। এর ফলে শিক্ষার্থীরা নিজ এলাকায় থেকেই স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করার সুযোগ পাবেন।”

ইসলাম শিক্ষা বিভাগের প্রধান মো. ছফিউল্ল্যাহ বলেন, “ইসলাম শিক্ষা বিষয়ে মাস্টার্স কোর্স চালু হওয়ায় শিক্ষার্থীদের উচ্চতর জ্ঞান অর্জন ও গবেষণার সুযোগ বাড়বে। এ উদ্যোগ বিভাগের একাডেমিক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে।”

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান মো. আমিরুল ইসলাম বলেন, গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুরের শিক্ষার মানোন্নয়ন ও উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে কলেজটিতে মাস্টার্স কোর্স চালু করা অত্যন্ত প্রয়োজন ছিল। এর ফলে পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীরাও এ সুযোগ কাজে লাগাতে পারবেন।

কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. আজহারুল ইসলাম বলেন, পাহাড়ি অঞ্চলের বৃহৎ জেলা শেরপুরের অন্যতম প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুর সরকারি কলেজে মাস্টার্স কোর্স চালু হওয়ায় শেরপুরসহ পার্শ্ববর্তী জামালপুর ও টাঙ্গাইল জেলার শিক্ষার্থীরা উপকৃত হবেন। নিজ এলাকায় থেকে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ তৈরি হওয়ায় শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের আর্থিক সাশ্রয় হবে। পাশাপাশি উচ্চশিক্ষা গ্রহণের সুযোগও বাড়বে।

কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আক্রাম হোছাইন বলেন, “স্নাতকোত্তর পর্যায়ে নতুন তিনটি বিষয়ে পড়াশোনার সুযোগ সৃষ্টি হওয়ায় শেরপুরসহ আশপাশের জেলার শিক্ষার্থীরা উপকৃত হবেন। এটি এ অঞ্চলে উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

কলেজের অধ্যক্ষ অধ্যাপক খাজা মো. জিয়াউল হক বলেন, “ইসলাম শিক্ষা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ইংরেজি বিষয়ে মাস্টার্স কোর্স চালুর সিদ্ধান্ত শেরপুর সরকারি কলেজের জন্য আনন্দ ও গৌরবের বিষয়। এর মাধ্যমে এ অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে।”

এদিকে, তিনটি বিষয়ে মাস্টার্স কোর্স চালুর উদ্যোগে সহযোগিতার জন্য সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন কলেজের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, কর্মচারী, অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এই বিভাগের আরও সংবাদ