ঢাকা

ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় মোতায়েন ১,৪৭৮ আনসার-ভিডিপি সদস্য

রনজিত কুমার পাল, সিনিয়র রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে ঢাকার ধামরাই উপজেলার ২৩৫টি পূজামণ্ডপে ১ হাজার ৪৭৮ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ধামরাই উপজেলা চত্বরে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের ব্রিফিং ও প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়।

ধামরাই উপজেলা আনসার ও ভিডিপির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল মামুন। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আসিফ ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে আসিফ ইকবাল জানান, উপজেলার ২৩৫টি পূজামণ্ডপের মধ্যে ৩৪টি অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপে আটজন করে এবং অন্যান্য মণ্ডপে ছয়জন করে আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। গত বছরের মতো এবারও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পূজা সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা বলেন, পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। দর্শনার্থীদের নিরাপত্তা, শৃঙ্খলা বজায় রাখা এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। পাশাপাশি ধামরাই উপজেলা পূজা উদযাপন কমিটি, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় শারদীয়
দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

এই বিভাগের আরও সংবাদ