দিনাজপুরে দুর্গোৎসব উপলক্ষে ৫ শতাধিক অসহায় হিন্দু মানুষের মাঝে উপহার বিতরণ


চৌধুরী নুপুর নাহার তাজ, নিজস্ব প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে দিনাজপুর শহরে ৫ শতাধিক দুস্থ ও অসহায় হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দিনাজপুর শহরের পুলহাট মোড় প্রাঙ্গণে দিনাজপুর সদর উপজেলা মহিলা দলের সভাপতি ও দিনাজপুর পৌরসভার ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী সায়কা বেগমের উদ্যোগে এ উপহারসামগ্রী বিতরণ করা হয়। এতে ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের পাঁচ শতাধিক মানুষের হাতে উপহারসামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
এর আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দলমত-নির্বিশেষে দেশের সব মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও মানবিক দায়িত্ব। শারদীয় দুর্গোৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব নয়, এটি আবহমান বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি ও উৎসবমুখর সংস্কৃতির এক অনন্য প্রতীক।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজনের উদ্যোক্তা সায়কা বেগম। তিনি বলেন, ওয়ার্ডবাসীর কল্যাণে তিনি সব সময় কাজ করে যেতে চান। অতীতেও তিনি এলাকাবাসীর পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। আসন্ন দিনাজপুর পৌরসভা নির্বাচনে আবারও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার কথা জানিয়ে তিনি সবার কাছে দোয়া কামনা করেন, যেন সারা জীবন জনগণের পাশে থেকে কাজ করতে পারেন।
দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মো. মাহবুব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি নাজমা মসির, দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দীন মন্ডল বকুল, দিনাজপুর জেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা, সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটি এবং সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছা. সালমা আকতার প্রমুখ।



