কটিয়াদীতে ৫০০ বছরের ঐতিহ্যবাহী ‘ঢাকের হাট’, জমেছে ঢাকিদের মিলনমেলা


সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে বসেছে প্রায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী ‘ঢাকের হাট’। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে শুরু হওয়া এ হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ঢাকি ও বাদ্যযন্ত্রীরা অংশ নিয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল পর্যন্ত চলে এ হাট। হাটে ঢাক, ঢোল, বাঁশি, সানাইসহ নানা বাদ্যযন্ত্র বাজিয়ে নিজেদের দক্ষতা প্রদর্শন করছেন বাদকরা।
পূজামণ্ডপের আয়োজকরা তাদের বাজনা যাচাই করে দরদাম শেষে চুক্তিবদ্ধ হচ্ছেন। দলভেদে ৫ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিকে বাদক দল ভাড়া হচ্ছে।
জনশ্রুতি রয়েছে, ষোড়শ শতাব্দীর মাঝামাঝি সময়ে স্থানীয় সামন্ত রাজা নবরঙ্গ রায়ের দুর্গাপূজাকে কেন্দ্র করে এ হাটের প্রচলন শুরু হয়। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এ হাট এখন কটিয়াদীর সাংস্কৃতিক পরিচয়ের অংশ।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঢাকের হাট ও পূজাকে ঘিরে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থানীয়দের মতে, আধুনিক যোগাযোগব্যবস্থার কারণে সরাসরি হাটে এসে চুক্তির প্রবণতা কিছুটা কমলেও ঐতিহ্যটি ধরে রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া জরুরি।



