ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে ৬৩৬ বস্তা অবৈধ সার, ব্যবসায়ীর কারাদণ্ড

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুদের দায়ে নুর এ আলম নামে এক খুচরা সার বিক্রেতাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় শ্যামল চন্দ্র সাহা নামে অপর এক সার ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে উপজেলার উচাখিলা বাজারে অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় নুর এ আলমের গোডাউন থেকে ৬৩৬ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে ৩৯১ বস্তা ইউরিয়া, ১৬০ বস্তা ডিএপি ও ৮৫ বস্তা এমওপি সার রয়েছে।

পরে জব্দ করা সার উচাখিলা ইউনিয়নের মূল সার ডিলার শামছুল হকের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সার অবৈধভাবে মজুদের অপরাধে সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬-এর ১২ ধারায় নুর এ আলমকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। অপরদিকে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় একই আইনে শ্যামল চন্দ্র সাহাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুই ব্যবসায়ীর কাছ থেকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রাণী চৌহান অপরাধের বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের কাছে উপস্থাপন করেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করেন।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান। তিনি বলেন, কৃষকদের জন্য সরকার নির্ধারিত মূল্যে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দামে বিক্রি কিংবা বৈধ কাগজপত্র ছাড়া ব্যবসা পরিচালনার সুযোগ নেই। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও সংবাদ