ময়মনসিংহ

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় ট্রাক-চালক নিহত

এইচএম সাইফুল্লাহ্, স্টাফ্ রিপোর্টার: ময়মনসিংহের নান্দাইলে সড়ক দূর্ঘটনায় মো. হুমায়ুন (২৫) নামে এক চালক নিহত হয়েছেন। এছাড়া ওই ট্রাকে থাকা চালকের ছোট ভাই মামুন (১৮) গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৩ আগস্ট) ভোর ৪টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের আমলিতলা জোরপুকুরপাড় নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে বড় ভাইয়ের মৃত্যুর সাথে সাথে থেমে গেলো পরিবারের উপার্জিত আয়ের চাকা। ভাইও হারানোর পাশাপাশি ধারের টাকায় কেনা গাড়ীটুকুও দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেলো।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত হুমায়ুন জেলার ফুলপুর উপজেলার সরচাপুর গ্রামের মো. সুরুজ আলী শেখের ছেলে। শনিবার বিকেলে শেরপুরের শ্রীবরদী থেকে ৪০০ বস্তা চাল নিয়ে ট্রাকটি নোয়াখালীর উদ্দেশে রওনা হয়। রোববার ভোরে নান্দাইলের আমলিতলা এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের একটি সেতুর রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশটি দুমড়েমুচড়ে যায় এবং চালক হুমায়ুন ভেতরে আটকা পড়েন।

পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জীবন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেওয়ায় এই দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই চালক হুমায়ুনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি মহাসড়কের পাশে পড়ে রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ