দেশে কেউ যাতে বৈষম্যের শিকার না হয়, সে ব্যাপারে সরকার সতর্ক রয়েছে


মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, দেশে কেউ যাতে কোনো ধরনের বৈষম্যের শিকার না হয়, সে ব্যাপারে বর্তমান সরকার অত্যন্ত সতর্ক ও সচেতন রয়েছে।
আজ জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব)’-এর উদ্যোগে আয়োজিত ‘স্বাস্থ্যখাতে ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা, অধিকার ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
মন্ত্রী বলেন, যারা সেবা খাতের সাথে সম্পৃক্ত তাদের সন্তুষ্টি নিশ্চিত করা গেলে সাধারণ মানুষ সর্বোচ্চ সেবা পাবে; তাই সরকার নিজ অবস্থান থেকে সংশ্লিষ্টদের সহযোগিতা প্রদানে আন্তরিকভাবে কাজ করছে।
মন্ত্রী পেশাগত দক্ষতা বৃদ্ধি ও উৎকর্ষ সাধনের ওপর গুরুত্বারোপ করে বলেন, যথাযথ ক্যারিয়ার প্ল্যানিং ছাড়া কোনো পেশা থেকে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যায় না; তাই সংগঠন ও পেশার মানোন্নয়নে সবার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা উচিত। স্বাস্থ্যসেবায় ওষুধের গুণগত মান বজায় রাখা এবং রোগীরা যেন সঠিক ওষুধ পান তা নিশ্চিত করতে ফার্মাসিস্টদের সতর্ক ভূমিকা পালন করতে সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ডিপ্লোমা ফার্মাসিস্টদের পক্ষ থেকে দশম গ্রেড বাস্তবায়নের দাবি উত্থাপন করা হলে মন্ত্রী বলেন, অন্যান্য সেবা বা পেশার ন্যায় ফার্মাসিস্টদেরও ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টি সরকার বিবেচনা করবে এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস প্রদান করেন তিনি। এছাড়া স্বাস্থ্য ও অন্যান্য সকল খাতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য উদাত্ত আহ্বান জানান মন্ত্রী।
অনুষ্ঠানে ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।



