সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু: পরিবারের পাশে জেলা প্রশাসন


আরফান আলী, শেরপুর: শেরপুর সদর উপজেলায় সাপের কামড়ে শেরপুর সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী শাহিন আকন্দের মৃত্যুর পর তার পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (২৫ আগস্ট) শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে শাহিনের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ উপস্থিত ছিলেন।
গত ২২ আগস্ট সাপের কামড়ে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহিনের মৃত্যু হয়। তিনি শেরপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শাহিনের মৃত্যুর খবর পেয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান।
জেলা প্রশাসন জানিয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে আর্থিক সহায়তাও দ্রুত শাহিনের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে জেলা প্রশাসনের এই মানবিক সহায়তার জন্য শাহিনের পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।



