নওগাঁ
আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই


আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে একজন কাপর ব্যবসায়ী হয়েছেন। এ সময় ছিনতাইকারীরা তার কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকাল ৬ টার দিকে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের মহাদিঘী ব্রিজ নামক স্থানে।
জানা যায়, মহাদিঘী গ্রামের কাপড় ব্যবসায়ী শওকত আলম (৫৫) দেকানের মাল ক্রয়ের জন্য সান্তাহার যাবার উদ্দেশ্যে ওই ব্রিজে সিএনজির অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। এমন সময় ২/৩জন মোটরসাইকেল আরোহী তাকে ছুরিকাঘাত করে তার নিকট রক্ষিত ৩০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।
আত্রাই থানার এসআই ওবায়দুল করিম বলেন, এ ব্যাপারে আত্রাই থানায় একটি অভিযোগ হয়েছে। অভিযোগের সূত্র ধরে আমরা ঘটনাটি তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



