ঈশ্বরগঞ্জের সংসদ সদস্য মাজেদ বাবুর বাবা আর নেই


মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবুর বাবা মো. জসিম উদ্দিন (৮৬) মারা গেছেন।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মো. জসিম উদ্দিন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় ছেলে ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য। অপর ছেলে আব্দুল্লাহ আল মামুন প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। তাঁর দুই মেয়ে মলি আক্তার অস্ট্রেলিয়ায় বসবাস করেন এবং পলি আক্তার ঢাকায় পরিবার নিয়ে বসবাস করছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের প্রথম জানাজা আজ সোমবার বাদ এশা ঢাকার গুলশান আজাদ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় ঈশ্বরগঞ্জ বড় খেলার মাঠে দ্বিতীয় জানাজা এবং বাদ জোহর পস্তাইল উচ্চ বিদ্যালয়ে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
আলহাজ্ব জসিম উদ্দিনের মৃত্যুতে তাঁর পরিবার ও স্বজনদের পাশাপাশি ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। শোক জানিয়েছে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবও।
শোক প্রকাশকারীরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



