নান্দাইলে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় দুই যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা


এইচএম সাইফুল্লাহ্, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের নান্দাইলে অস্ত্র নিয়ে প্রকাশ্যে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় দুই যুবককে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চরভেলামারি পুরাতন গুদারাঘাট এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে নান্দাইল মডেল থানায় চারজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহতরা হলেন- চরভেলামারি গ্রামের শমসের আলীর ছেলে আনিছ মিয়া (৩৫) এবং হিরন মিয়ার ছেলে রিপন মিয়া (৪০)। বর্তমানে তারা দুজন ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার একটি চিহ্নিত চক্র প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
অভিযুক্তরা হলেন—নাজিম উদ্দিনের ছেলে ইলিয়াস মিয়া (৩৫) ও মো. হৃদয় মিয়া (৩০), আব্দুল লতিফের ছেলে সোহাগ মিয়া (৩৮) এবং বোরহান উদ্দিনের ছেলে মো. নাঈম মিয়া (২৮)। সম্প্রতি তাদের এই অবৈধ কার্যকলাপে জোরালো বাধা দেন স্থানীয় যুবক আনিছ মিয়া ও অন্যান্য এলাকাবাসী। এরই জেরে ক্ষিপ্ত হয়ে সোমবার রাতে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুরাতন গুদারাঘাট এলাকায় অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে আনিছ ও রিপন গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আহত আনিছ মিয়ার ছোট ভাই মনিরুজ্জামান বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





