জামায়াতের সেই দুই নেতার রোকন পদ বাতিল


কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির কাজী দ্বীন মোহাম্মদ ও সাবেক নায়েবে আমির একেএম এমদাদুল হক মামুনের সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যক্তিগত গাড়ি ভাঙচুরসহ কার্যালয়ে সংঘটিত ঘটনার তদন্তের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার (১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগরীর তত্ত্বাবধায়ক আবদুল হালিম।
তিনি জানান, কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রের তালিকাভুক্ত সদস্য (রুকন) কাজী দ্বীন মোহাম্মদ এবং সাবেক নায়েবে আমির ও কেন্দ্রের তালিকাভুক্ত সদস্য (রুকন) একেএম এমদাদুল হক মামুনের রুকনিয়াত বাতিল করা হয়েছে।
আবদুল হালিম বলেন, গত ১৪ অক্টোবর কুমিল্লা নগরীর মোঘলটুলি এলাকার ফারুকী হাউসে মহানগর জামায়াত কার্যালয়ে সভা চলাকালে সৃষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
পরে গত ২৬ অক্টোবর জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে আলোচনা শেষে দুই নেতার সদস্যপদ (রুকনিয়াত) বাতিলের সিদ্ধান্ত নেয় নির্বাহী পরিষদ। তবে সিদ্ধান্তটি রবিবার প্রকাশ্যে আসে।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর সন্ধ্যায় কুমিল্লা মহানগর জামায়াত কার্যালয়ে কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করা হয়।



