সংবাদপত্র ছেঁড়ার যে ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন


‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি বলেন, পত্রিকাটির বিরুদ্ধে মিথ্যা বয়ান তৈরির অভিযোগের প্রতিবাদ জানাতেই তিনি সংবাদপত্র ছিঁড়েছেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে তিনি এক হয়েছেন, এমন দাবি অসত্য বলেও মন্তব্য করেছেন তিনি।
শনিবার দিনগত রাতে নিজের নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন রাশেদ খাঁন।
স্ট্যাটাসে তিনি বলেন, ‘আমি একটি মিথ্যা ন্যারেটিভকে ছিঁড়েছি। হাসিনাপুত্রের সঙ্গে আমি এক হয়েছি মর্মে আমার দেশ পত্রিকা যে মিথ্যাচার করেছে, আমি সেই অসত্যকে ছিঁড়ে ফেলেছি। আমি শেখ হাসিনাকে কটূক্তির মামলায় জেল খেটেছি।’
রাশেদ খাঁন বলেন, ‘আমার কোনো বক্তব্য অপছন্দ হলে রাজনৈতিক প্রতিপক্ষের নেতাকর্মীরা রাজনৈতিক ভাষায় সমালোচনা করতে পারেন। সেই সমালোচনাকে আমি অবশ্যই সাধুবাদ জানাবো। কিন্তু আমার দেশ যদি পত্রিকা হয়ে আমাকে ‘নব্য বিএনপি’ বলতে পারে না। এই অধিকার সম্পাদক মাহমুদুর রহমানের নেই।’
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর নেতা মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের তথ্য তিনি সামনে এনেছেন। এর পাল্টা বয়ান হিসেবে ‘আমার দেশ’ পত্রিকা তার সঙ্গে হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়ের সংশ্লিষ্টতার কথা সামনে এনেছে।
রাশেদ খাঁনের ভাষ্য, এ অভিযোগ জামায়াত কিংবা দলটির নেতা মিয়া গোলাম পরওয়ার করলে তিনি রাজনৈতিক ভাষায় জবাব দিতেন। কিন্তু জামায়াত ‘আমার দেশ’ পত্রিকার মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা বয়ান দাঁড় করানোর চেষ্টা করেছে। এ কারণে একজন সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে তিনি বিষয়টি রাজনৈতিকভাবে মোকাবিলা করেছেন এবং মিথ্যা ও অপবাদের প্রতিবাদ জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমার দেশ’ কোনো পত্রিকা নয়, বরং জামায়াতের পক্ষে বয়ান দাঁড় করানোর একটি হাতিয়ার। এই হাতিয়ার ব্যবহার করে কারও চরিত্রহননের সুযোগ নেই।
পত্রিকা হতে হলে সম্পাদকীয় ও সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করা উচিত উল্লেখ করে রাশেদ খাঁন অভিযোগ করেন, ‘আমার দেশ’ এসব নীতিমালার কোনোটিই অনুসরণ করে না।



