ঘোড়াঘাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: ‘রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রুবানা তানজিনের সভাপতিত্বে এবং ইন্সট্রাক্টর মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো.রিয়াজ মোর্শেদ রঞ্জু।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আবদুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ওসি মো. শহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আফজাল হোসেন ও জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব আবু সায়াদ চৌধুরী।
আলোচনা সভায় বক্তারা মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি, আধুনিক পদ্ধতিতে মাছ চাষ এবং দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান বাড়াতে চাষি ও জেলেদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষি, জেলে, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে উপজেলার তিনজন শ্রেষ্ঠ মৎস্য চাষিকে জাতীয় মৎস্য সপ্তাহের সম্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।



