আকস্মিক নয়, এটা গণঅধিকার পরিষদের পূর্বপরিকল্পিত হামলা: আমির হামজা


কুষ্টিয়ায় নিজের গাড়িবহরে হামলার ঘটনায় গণঅধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীদের’ দায়ী করে তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য।
রোববার কুষ্টিয়ায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গতকাল তাঁর নির্ধারিত নির্বাচনী এলাকায় গণসংযোগ ও সাধারণ মানুষের খোঁজখবর নিয়ে ফেরার সময় গণঅধিকার পরিষদের লোকজন তাঁর গাড়িবহরে ‘বর্বর ও অতর্কিত হামলা’ চালায়।
ঘটনাটি আকস্মিক নয়, বরং পূর্বপরিকল্পিত দাবি করে তিনি বলেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করা এবং তাঁর গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নস্যাৎ করতেই এই হামলার পরিকল্পনা করা হয়েছিল।
তিনি বলেন, একজন জনপ্রতিনিধি ও আলেম হিসেবে জনগণের নিরাপত্তায় কাজ করা তাঁর দায়িত্ব। রাজনীতির নামে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় এবং প্রকাশ্যে একজন সংসদ সদস্যের ওপর হামলার সাহস দেখায়, তারা সমাজ ও কুষ্টিয়াবাসীর শত্রু।
সংবাদ সম্মেলনে হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তিনি। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে হামলার মূল পরিকল্পনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
স্থানীয় পুলিশ ও প্রশাসনকে রাজনৈতিক চাপমুক্ত থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণেরও দাবি জানান তিনি।
কুষ্টিয়া-৩ আসনের সর্বস্তরের মানুষকে শান্তি ও ধৈর্য বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে কুষ্টিয়ার শান্তিকামী জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে এর ‘কড়া জবাব’ দেওয়া হবে।



