জাতীয়শীর্ষ নিউজ

কপ-৩১ এ যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী, যেসব বিষয়ে জোর দেবে বাংলাদেশ

তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন বা কপ-৩১-এ যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের সম্মেলনে নিজ দেশের অবস্থানের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর পক্ষে জোরালো অবস্থান নেবে বাংলাদেশ।

বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা বলছেন, সম্মেলনে বাংলাদেশের মূল লক্ষ্য হবে—কোনো ঋণ নয়, বরং জলবায়ু তহবিল থেকে পর্যাপ্ত ও সহজলভ্য অনুদান নিশ্চিত করা।

বাংলাদেশ এবার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে জোর দেবে। সেগুলো হলো-

১. জলবায়ু ন্যায়বিচার (Climate Justice)
বিশ্বে কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.০৫ শতাংশ। অথচ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ। তাই যারা ঐতিহাসিকভাবে বেশি কার্বন নিঃসরণ করেছে, তাদেরই বেশি দায়িত্ব নিতে হবে—এই অবস্থান তুলে ধরবে ঢাকা।

২. ঋণ নয়, অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন
জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছ থেকে ঋণের পরিবর্তে অনুদান বা গ্র্যান্টভিত্তিক অর্থায়ন চাইবে বাংলাদেশ। কারণ জলবায়ু সংকটে কম দায়ী দেশগুলোকে নতুন করে ঋণের বোঝায় ফেলা উচিত নয়।

৩. ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ (Loss and Damage)
জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চল, কৃষি, অবকাঠামো ও মানুষের জীবনে যে ক্ষতি হচ্ছে, তার জন্য আন্তর্জাতিক সহায়তা ও অর্থায়নের দাবি জানাবে বাংলাদেশ।

৪. অভিযোজন অর্থায়ন (Adaptation Finance)
বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, লবণাক্ততা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর জন্য অর্থায়ন চাইবে।

৫. উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়ন
জলবায়ু অর্থায়ন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উন্নত দেশগুলোর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর গুরুত্ব দেবে বাংলাদেশ।

এবারের সম্মেলনে বাংলাদেশ শুধু দাবি তুলে ধরবে না, নিজেদের অর্জন ও সম্ভাবনাও তুলে ধরবে।
– পাটের প্যাভিলিয়ন: সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের পাটের প্যাভিলিয়ন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পাটপণ্যের সম্ভাবনা তুলে ধরা হবে।

– নারী ও জলবায়ু পরিবর্তন: জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের নারীদের বিশেষ ঝুঁকি নিয়ে একটি বিশেষ আলোচনা হবে।

– পরিবেশবান্ধব পাটপণ্য: বায়োডিগ্রেডেবল ও জিরো-ওয়েস্ট পাটপণ্য ব্যবহারের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আরেকটি আলোচনা হবে।

– জলবায়ু সহনশীলতা: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অভিজ্ঞতা ও অর্জন আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা হবে।

এ ছাড়া পাট ও পাটপণ্যের ব্যবহার বাড়াতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি যৌথ ঘোষণার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ