সরকারের দুর্বলতায় আবারও বর্বরতার শিকার হচ্ছে সাধারণ মানুষ: নাহিদ ইসলাম


সরকারের দুর্বলতার কারণে আবারও ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের বর্বরতার শিকার দেশের সাধারণ মানুষ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, খুনের নেশায় উন্মত্ত এই গোষ্ঠীকে নিয়ন্ত্রণে বর্তমান সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
আজ মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, ধারাবাহিক সহিংসতা ও সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেন তিনি।
পোস্টে নাহিদ ইসলাম লেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে চাপাতি দিয়ে হামলা চালানো হয়েছে। এ ছাড়া ফরিদপুরে বাসে আগুন দিয়ে ঘুমন্ত চালককে পুড়িয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে ককটেল বিস্ফোরণে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
এসব ঘটনার পরও সরকার নির্বিকার ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীটির ধারাবাহিক সহিংস কর্মকাণ্ড ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়।
সরকারের বিচারহীনতার সংস্কৃতির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ক্ষমতা গ্রহণের পর থেকেই জুলাই গণহত্যার বিচার নিয়ে সরকার উদাসীনতার পরিচয় দিচ্ছে। জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিদের একের পর এক জামিন দেওয়া হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, জুলাই গণহত্যার অভিযুক্ত ব্যক্তিদের পাশাপাশি শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনতেও সরকারের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। আশ্রয়দাতা ভারতের বিরুদ্ধে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নিতেও সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশে ধারাবাহিক নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে।
পোস্টে হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম বলেন, কোনো সন্ত্রাসী অপশক্তির কাছে বাংলাদেশের সাধারণ মানুষ পরাজিত হবে না। তিনি অবিলম্বে সারা দেশে ছড়িয়ে থাকা সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক মূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।





