বাগআঁচড়ায় বস্ত্র ব্যবসায়ী সমিতির প্রীতি ফুটবল টুর্নামেন্ট: শাপলাকে হারিয়ে চ্যাম্পিয়ন রজনীগন্ধা


নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলায় চল”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় বস্ত্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে দিনব্যাপী প্রীতি ফুটবল টুর্নামেন্ট উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল থেকে বাগআঁচড়া হাই স্কুল মাঠে শুরু হওয়া এ টুর্নামেন্টে স্থানীয় চারটি শক্তিশালী ফুটবল দল অংশ নেয়। প্রতিটি ম্যাচেই ছিল হাড্ডাহাড্ডি লড়াই, যা উপভোগ করতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী ক্রীড়াপ্রেমী মানুষ।
দিনের শেষ আকর্ষণীয় ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় শাপলা ফুটবল একাদশ ও রজনীগন্ধা ফুটবল একাদশ। শুরু থেকেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রুদ্ধশ্বাস এ লড়াইয়ে শাপলা ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা জিতে নেয় রজনীগন্ধা ফুটবল একাদশ।
খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি জামাল উদ্দীন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মাদ ও কুদ্দুস আলী বিশ্বাস, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন এবং কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, বাগআঁচড়া বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম টিটুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী দর্শক ও স্থানীয় ব্যবসায়ীরা।



