পবিত্রতা ঈমানের অঙ্গ: মিরকাদীম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন


মুন্সীগঞ্জ প্রতিনিধি: “পবিত্রতা ঈমানের অঙ্গ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের মিরকাদীম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ মে ২০২৬) বেলা ১১টায় মিরকাদীম পৌরসভার উদ্যোগে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম এরাদত মানু, মিরকাদীম পৌরসভার প্রশাসক ও মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগর পরিবেশ গড়ে তুলতে গৃহস্থালি বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। নাগরিকদের সচেতন অংশগ্রহণের মাধ্যমে বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে হবে এবং পরিবেশ দূষণ রোধে সবাইকে এগিয়ে আসতে হবে।
প্রধান অতিথি কামরুজ্জামান রতন বলেন, “পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্যের বিষয় নয়, এটি জনস্বাস্থ্য রক্ষার অন্যতম পূর্বশর্ত। মিরকাদীম পৌরসভার এ উদ্যোগ নগরবাসীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সফল হলে পৌর এলাকার পরিবেশ আরও বাসযোগ্য ও স্বাস্থ্যসম্মত হবে।”
এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো: মাসুদুর রহমান জানান, নতুন এ কার্যক্রমের মাধ্যমে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে নিয়মিতভাবে গৃহস্থালি বর্জ্য সংগ্রহ ও পরিবেশবান্ধব উপায়ে তা অপসারণের ব্যবস্থা করা হবে। এর ফলে পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা গঠনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাস্তবায়িত হলো।



