পলাশবাড়ীর শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী কার্তিক চন্দ্র সাহা আর নেই!


পলাশবাড়ী( গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের গিরিধারীপুর গ্রামের বাসিন্দা ও গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র সাহা (৫৫) আর নেই।
৩০ মে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় নিজ বাসভবনে অসুস্থতাজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
কার্তিক চন্দ্র সাহা ২০০৬ সালে ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা জীবন শুরু করেন। পরবর্তীতে বিভিন্ন বিদ্যালয়ে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে উপজেলা ও জেলা পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি অর্জন করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত ছিলেন।
রোববার সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি কেন্দ্রীয় মহাশ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে শিক্ষক সমাজ, শিক্ষার্থী, অভিভাবক বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।



