গাইবান্ধা

পলাশবাড়ী হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর চাপ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: আবহাওয়ার পরিবর্তন ও শীতের আমেজ বাড়ার সঙ্গে সঙ্গে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডাজনিত রোগীর চাপ বাড়ছে। জ্বর, সর্দি-কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। গত পাঁচ দিনে প্রায় ২০০ রোগী চিকিৎসা নিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে রংপুরে পাঠানো হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহে ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে দুইজন ডেঙ্গু রোগীও ভর্তি হয়েছেন। রোগীর চাপ বাড়ায় করিডোর, বারান্দা ও ওয়ার্ডের মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে দেখা গেছে।

হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ফাতেমা বলেন, কয়েক দিন ধরে ঠান্ডাজনিত রোগী ও ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু রোগীর আধিক্য বেশি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দিন আহম্মেদ খান বলেন, শিশু ও ডায়রিয়া রোগীর চাপ বেড়েছে। উন্নত চিকিৎসার জন্য রোগীদের রংপুরে পাঠানো হচ্ছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আলিফ বলেন, আবহাওয়ার পরিবর্তনে সব ধরনের রোগীর চাপ বাড়ছে। নানা সংকটের মধ্যেও সাধ্যমতো চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ