পলাশবাড়ীর পুকুরের কারণে এলজিইডি সড়কে ধস, জনদুর্ভোগ


পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৭ নম্বর পবনাপুর ইউনিয়নের সাহাপাড়া গ্রামে পুকুরের পানি সেচের কারণে এলজিইডির পাকা সড়কের একটি বড় অংশ ধসে পড়েছে। এতে কয়েক হাজার মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
গত ১৩ অক্টোবর বিকালে সরেজমিনে দেখা যায়, গ্রামের পাশের একটি পুকুরের পানি সেচ দেওয়ার পর পাশের সড়কের একাংশ ধসে গর্তের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন ও পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, আব্দুল ওহাব মাস্টার ও সিদ্দিক মিয়ার মালিকানাধীন পুকুর খনন ও পানি সেচের কারণে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘদিন পুকুরের পাড় সুরক্ষিত না রাখায় বর্ষার পানিতে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে বলেও জানান তাঁরা।
স্থানীয় ইউপি সদস্য গোলাম রসুল উজ্জ্বল মিয়া জানান, বিষয়টি চেয়ারম্যানকে জানানো হয়েছে। পবনাপুর ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মন্ডল বলেন, সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা প্রকৌশল দপ্তর (এলজিইডি) আবুল কালম আজাদ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল বলেন, তদন্তে সরকারি সড়কের ক্ষতির প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দ্রুত সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন এলাকাবাসী।



