বেনাপোল সীমান্তে ১৩পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক


নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৩টি স্বর্ণের বারসহ সাহাব উদ্দিন সরদার (৪৪) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি পাচারকাজে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শুক্রবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকা থেকে তাকে আটক করে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল বিওপির একটি টহল দল।
আটক সাহাব উদ্দিন সরদার বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১ কেজি ১৫৮ গ্রাম।উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা।এছাড়া জব্দ করা মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ মোট সিজারকৃত মালামালের মূল্য দাঁড়িয়েছে ২ কোটি ২২ লাখ ৫৩ হাজার ১৫০ টাকা।
বিজিবি আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকার সায়দাবাদ এলাকা থেকে স্বর্ণের বার সংগ্রহ করে সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশ্যে পুটখালী এলাকায় যাচ্ছিলেন।
বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।



