যশোর

শার্শায় অনিয়মের অভিযোগে ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে যশোরের শার্শায় চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে উপজেলার বাগআঁচড়া অবস্থিত এ ক্লিনিক গুলোতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম। অভিযানে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শুভেন্দু বিশ্বাস এবং শার্শা থানার পুলিশের একটি বিশেষ টিম উপস্থিত ছিলেন।

অভিযানে আল-মদিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, বাগআঁচড়া নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, জনসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা এবং জোহরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার অংশ হিসেবে বেসরকারি স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লাইসেন্স সংক্রান্ত জটিলতা, স্বাস্থ্যবিধি না মানাসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

তিনি আরও জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ