ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার পুনিয়াউট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করেছে এসআরবি-৯। এ সময় তাদের সাথে থাকা আরও ৪ থেকে ৫ জন পালিয়ে যায়।
এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ নভেম্বর রাত আনুমানিক সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পুনিয়াউট রেলক্রসিংয়ের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর কতিপয় ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে এসআরবি-৯-এর একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে ৭ থেকে ৮ জন ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ৩ জনকে আটক করা হয় এবং ৪ থেকে ৫ জন পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃতদের দেহ তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহারের উদ্দেশ্যে রাখা ১টি দেশীয় তৈরি এসএস পাইপ ও লোহা দিয়ে নির্মিত বর্ষা-কুঠার এবং ৩টি সিলভার রঙের স্টেইনলেস স্টিলের ধারালো ছুরি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দক্ষিণ পৈরতলা এলাকার জালাল মিয়ার ছেলে সুমন মিয়া (৩৫), পুনিয়াউট এলাকার শামসু মিয়ার ছেলে আলমগীর মিয়া (২৪) এবং টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার কাজী বাড়ি এলাকার নাছির উদ্দিনের ছেলে বেল্লাল মিয়া (২০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে পলাতক অজ্ঞাতনামা সহযোগীদের সাথে পরস্পর যোগসাজশে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সুযোগ বুঝে মহাসড়ক ও আশপাশের সড়কে চলাচলরত যানবাহন এবং বিভিন্ন বাসাবাড়িতে ডাকাতি ও ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ও অজ্ঞাতনামা পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আসামি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।





