ভোলায় হেলিকপ্টারে নববধূ নিয়ে বাড়ি ফিরলেন ফ্রান্সপ্রবাসী, গ্রামে উৎসবের আমেজ


স্টাফ রিপোর্টার :সড়কপথ নয়, আকাশপথে হেলিকপ্টারে চড়ে নববধূকে নিয়ে নিজ গ্রামে ফিরলেন ভোলার বোরহানউদ্দিনের এক ফ্রান্সপ্রবাসী যুবক। বিয়ের এই ব্যতিক্রমী আয়োজনে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন পরিবারের সদস্য ও স্বজনরা। খবর ছড়িয়ে পড়তেই হেলিকপ্টার ও নবদম্পতিকে একনজর দেখতে ভিড় জমান শত শত গ্রামবাসী।
ব্যতিক্রমী এই আয়োজনটি করেছেন বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফকিরকান্দি গ্রামের সর্দার বাড়ির মো. শাহিন ফকির। তিনি ওই গ্রামের মো. সিরাজের ছেলে। দীর্ঘ সাত বছর ধরে ফ্রান্সে বসবাস করছেন শাহিন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ঢাকার চিটাগাং রোডের সাদ্দাম মার্কেটসংলগ্ন কর্নক টাওয়ারে পারিবারিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হন শাহিন ফকির। বিয়ের পর নববধূকে হেলিকপ্টারে করে নিজ বাড়িতে নিয়ে আসার শখ ছিল তাঁর; একই ইচ্ছা ছিল মা-বাবারও।
অবশেষে বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারে নববধূকে নিয়ে টবগী ইউনিয়নে অবতরণ করেন শাহিন ফকির। জানা গেছে, আগের দিন তাঁদের আসার পরিকল্পনা থাকলেও সরকারি সফরকে কেন্দ্র করে আকাশসীমায় বিধিনিষেধ থাকায় তা সম্ভব হয়নি। পরে বুধবার নির্ধারিত সময়ে বাস্তবে রূপ নেয় তাঁদের সেই আয়োজন।
নিজের অনুভূতি প্রকাশ করে শাহিন ফকির বলেন, ‘বিয়ে তো অনেকেই করেন, প্রত্যেকের আয়োজনও থাকে ভিন্ন ভিন্ন। আমি চেয়েছি সবার চেয়ে একটু ব্যতিক্রমীভাবে জীবনের এই বিশেষ মুহূর্তটি উদ্যাপন করতে। সেই ভাবনা থেকেই হেলিকপ্টারে করে ঢাকা থেকে নববধূকে নিয়ে আসার আয়োজন করেছি।’
এদিকে হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকা থেকে ছুটে আসেন উৎসুক জনতা। কেউ মোবাইল ফোনে ধারণ করেন নবদম্পতির আগমনের দৃশ্য, কেউ আবার সরাসরি দাঁড়িয়ে উপভোগ করেন ব্যতিক্রমী এই মুহূর্ত।
স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামে সচরাচর হেলিকপ্টার অবতরণ করতে দেখা যায় না। তাই এমন আয়োজন ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। প্রবাসজীবনের ব্যস্ততার মাঝে জমিয়ে রাখা শখ, মা-বাবার ইচ্ছা আর ভালোবাসার মানুষকে ঘিরে শাহিন ফকিরের এই আয়োজন এখন এলাকাজুড়ে আলোচনার বিষয়। স্থানীয়রা নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবন কামনা করেছেন।





