পর্যায়ক্রমে সব মাদ্রাসায় মিড-ডে মিল চালু হবে: প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে জানিয়েছেন, দেশের সব মাদ্রাসায় পর্যায়ক্রমে মিড-ডে মিল চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আওতায় এবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীরাও এই সুবিধা পাবে।
পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো এবতেদায়ি শিক্ষার্থীদের পোশাক, ব্যাগ ও জুতা সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল বারী সরদার।
লিখিত প্রশ্নে জানতে চান, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পোশাক, ব্যাগ, জুতা ও মিড-ডে মিল দেওয়ার ঘোষণা দিয়েছে।
কিন্তু এবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীরা এসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো এবতেদায়ি শিক্ষার্থীদের জন্যও একই সুবিধা ঘোষণা করে এই বৈষম্য দূর করা হবে কিনা?
লিখিত জবাবে প্রধানমন্ত্রী জানান, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষার্থীদের স্বাস্থ্য ও খাদ্যকে অগ্রাধিকার দিয়ে কর্মসূচি নেওয়া হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো এবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদেরও পোশাক, ব্যাগ, জুতা ও মিড-ডে মিল সরবরাহের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ‘মাদ্রাসা এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট প্রোগ্রাম’ শীর্ষক একটি স্কিম প্রণয়ন করা হয়েছে।
প্রধানমন্ত্রী সরকারের নেওয়া স্কিমের কথা তুলে ধরে জানান, এই স্কিমের মাধ্যমে ২০২৬-২০৩১ অর্থবছরে দেশের সব মাদ্রাসায় পর্যায়ক্রমে মিড-ডে মিল চালু করা হবে।
এর মধ্যে এবতেদায়ি মাদ্রাসাও অন্তর্ভুক্ত থাকবে। পর্যায়ক্রমে সব মাদরাসার শিক্ষার্থীকেই এই কর্মসূচির আওতায় আনা হবে।





