শেরপুর

বাল্যবিয়ে থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণির শিক্ষার্থী, পড়াশোনার দায়িত্ব নিলেন শেরপুরের জেলা প্রশাসক

আরফান আলী, শেরপুর: শেরপুরে ১৩ বছর বয়সী সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করে তার পড়াশোনা অব্যাহত রাখার দায়িত্ব নিয়েছে জেলা প্রশাসন। মেয়েটির জন্য মাসিক শিক্ষাবৃত্তি, স্কুলের বেতন ও শিক্ষা ফি সর্বনিম্ন পর্যায়ে নির্ধারণ এবং তার মায়ের সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

বুধবার (১৮ নভেম্বর) সকালে শেরপুরের বাগরাকসা এলাকার তানিয়া (১৩) নামে ওই শিক্ষার্থীর বিয়ের খবর জেলা প্রশাসককে জানান তার সহপাঠীরা। তানিয়া স্থানীয় আইডিয়াল ইস্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। আগামী শুক্রবার তার বিয়ের আয়োজনের কথা ছিল।

এই বিভাগের আরও সংবাদ

সহপাঠীদের কাছ থেকে বাল্যবিয়ের খবর পেয়ে জেলা প্রশাসক শেরপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিককে পরিবারসহ ওই শিক্ষার্থীর সঙ্গে দেখা করার নির্দেশ দেন। পরে সকাল ১১টার দিকে ইউএনও তানিয়ার বাড়িতে গিয়ে তার মা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় মেয়েটির মায়ের কাছ থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে না দেওয়ার মুচলেকা নেওয়া হয়। পরে তানিয়াকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান তিনি।

সেখানে গণশুনানিতে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন তানিয়ার মা ও নানির সঙ্গে কথা বলেন। মেয়েটির শিক্ষাজীবন অব্যাহত রাখতে মাসিক শিক্ষাবৃত্তির ব্যবস্থা, স্কুলের বেতন ও শিক্ষা ফি সর্বনিম্ন পর্যায়ে নির্ধারণ এবং তার মায়ের জন্য একটি সম্মানজনক জীবিকার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, ‘একটি শিশুর ভবিষ্যৎ বাল্যবিয়ের কারণে নষ্ট হতে দেওয়া যায় না। তানিয়া যেন নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে পারে, সে জন্য জেলা প্রশাসন ও জেলা পরিষদের পক্ষ থেকে প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি তার মায়ের কর্মসংস্থানের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। তানিয়ার সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে প্রশাসন তার পরিবারের পাশে থাকবে।’

তানিয়ার মা তাসলিমা বলেন, ‘আমরা গরিব মানুষ। আমার স্বামী তিন বছর আগে স্ট্রোক করেছিলেন। এখন তিনি প্রতিবন্ধী হয়ে আছেন। আমাদের পরিবারে পাঁচজন সদস্য—দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলেও প্রতিবন্ধী। মেয়েটির কাবিন করাতে চেয়েছিলাম। চার বছর পর তাকে স্বামীর বাড়িতে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল। এর মধ্যেই প্রশাসন এসে বিয়ের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।’

তানিয়ার নানি রাশেদা বলেন, ‘শেরপুরের জেলা প্রশাসকের উদ্যোগে আমরা খুশি। তিনি আমার নাতনির দায়িত্ব নিয়েছেন এবং মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। এজন্য জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই।’

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপংকর রায়, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক ও শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল উপস্থিত ছিলেন।

বাল্যবিয়ের খবর প্রশাসনকে জানানোয় এনসিটিএফ শেরপুর জেলার সদস্য মুবাসসারা মিনহা, তানজিদ মাহতাব রাকিন, জারিন তাসনিম বৃষ্টি ও ছোয়ার ভূমিকা ছিল।

সহপাঠীদের সচেতনতা ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল তানিয়া। একই সঙ্গে তার পড়াশোনা চালিয়ে যাওয়া এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে সহযোগিতার নতুন আশাও তৈরি হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ