জাতীয়

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের ৩৫ কর্মকর্তার সাক্ষাৎ

বাংলাদেশের ৩৫ জন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার।

বুধবার (১৮ নভেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডরের আওতায় আয়োজিত একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন বাংলাদেশের এসব কর্মকর্তা। পাকিস্তানের ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসির অধীন এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এ কর্মসূচির আয়োজন করেছে।

বাংলাদেশি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে ইসহাক দার বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সাংস্কৃতিক সাদৃশ্য রয়েছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতেও তিনি সন্তোষ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সদিচ্ছার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় পাকিস্তান। এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে দুই দেশের কর্মকর্তারা সুশাসন ও জনপ্রশাসন বিষয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন বলেও আশা প্রকাশ করেন ইসহাক দার।

এই বিভাগের আরও সংবাদ