নওগাঁ

নওগাঁয় অটোরিকশা গ্যারেজে ডাকাতি, গাইবান্ধা থেকে দুই ডাকাত গ্রেফতার

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলায় অটোরিকশার গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে নওগাঁ সদর থানাধীন চাকলা জুলুর মোড় এলাকায় জনৈক ফাত্তা ইসলামের অটোচার্জার গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটে। একদল অজ্ঞাতনামা ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে গ্যারেজের পেছনের ইটের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় গ্যারেজে অবস্থানরত বাদীর ভাইকে রশি দিয়ে বেঁধে ফেলে এবং ভয়ভীতি দেখিয়ে গ্যারেজে থাকা দুটি অটোরিকশা ও একটি ভ্যান নিয়ে পালিয়ে যায়।

এই বিভাগের আরও সংবাদ

ঘটনার পরপরই নওগাঁর পুলিশ সুপার নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশকে দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দেন।

পুলিশ জানায়, এ ঘটনায় এর আগে শাহজাহান নামের একজন সন্দেহভাজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য এবং বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে ডাকাতির ঘটনায় জড়িত মূল হোতা ও সহযোগীদের শনাক্ত করা হয়।

এরই ধারাবাহিকতায় গত ১৫ নভেম্বর রাতে গাইবান্ধা জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে সাঘাটা থানা এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-নওগাঁ জেলার রামভদ্রপুর গ্রামের মৃত আব্দুল মমিনের ছেলে মনোয়ার হোসেন মিন্টু (৩৫) এবং গাইবান্ধা জেলার সাঘাটা থানার গাছবাড়ি গ্রামের আব্দুল খালেকের ছেলে আমিনুর (৪৫)। ভোররাতে আমিনুরের বাড়ি থেকে মনোয়ার হোসেন মিন্টুকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে আমিনুরের বাড়ি থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

জব্দকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে-দুটি হেক্সা ব্লেড, তালা কাটার কাজে ব্যবহৃত একটি চাইনিজ কাটার, একটি ধারালো রামদা, একটি ধারালো ছুরি, একটি একধারবিশিষ্ট সিনথেটিক বা প্লাস্টিকের হাতলযুক্ত স্টিলের ফলাযুক্ত ছুরি, একটি দা, চারটি লোহার রড, দুটি প্লাস্টিকের পাইপ এবং ডাকাতির কাজে ব্যবহৃত রশি।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ